বরিশালের গৌরনদীতে ইয়াবাসহ এক আইনজীবীর সহকারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃতের নাম শহিদুল ইসলাম বেপারী। তিনি বরিশাল জজ কোর্টের একজন আইনজীবীর সহকারী হিসেবে কর্মরত বলে জানা গেছে।
মঙ্গলবার দিবাগত রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা–বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন ফিসারী রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নীল রঙের প্যাকেটে রাখা একশ একষট্টি পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের সহকারী পরিদর্শক মোহাম্মদ ফাইজুল ইসলাম হৃদয় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলযোগে বরিশালের দিকে যাওয়ার সময় শহিদুল ইসলাম বেপারীর গতিরোধ করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে দেহ তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম বেপারী কটকস্থল গ্রামের বাসিন্দা হাসেম বেপারীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে বরিশাল জজ কোর্টের এক আইনজীবীর সহকারী বলে পরিচয় দিয়েছেন। তাকে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, শহিদুল ইসলাম বেপারী দীর্ঘদিন ধরে আইনজীবীর সহকারী হিসেবে কাজ করার পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইউনুস মিয়া জানান, গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম বেপারীকে বুধবার বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।
