গৌরনদীতে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও শিশুসহ সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে বরিশালের গৌরনদীতে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর বরিশাল জেলা জামায়াতের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি সরকারি গৌরনদী কলেজ মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিল শেষে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আল-আমিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমির ড. এস এম মাহফুজুর রহমান।

সভায় প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভাগীয় শুরা সদস্য এবং গৌরনদী-আগৈলঝাড়া থেকে মনোনীত হাফেজ মাওলানা আলহাজ্ব কামরুল ইসলাম খান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো. সাইফুল ইসলাম, গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বায়েজিদ শরীফ, এবং পৌর জামায়াতের আমির আলহাজ্ব মাওলানা মো. হাফিজুর রহমান প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানান এবং বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মিছিলে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, ইসলামপন্থী তাওহিদী জনতা এবং জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সহস্রাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *