বরিশালের অন্যতম বিদ্যাপীঠ গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজ মিলনায়তনে এই আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জওহর লাল পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সুশৃঙ্খল জীবনযাপন ও সময়ের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি পরীক্ষা চলাকালীন মানসিক প্রস্তুতি এবং পরবর্তী সময়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে করণীয় বিষয়গুলো নিয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক নির্মল কান্তি হালদার, মো. আলিমুজ্জামান এবং মো. আলী আজিম খান। আলোচনা শেষে পরীক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা মো. গিয়াসউদ্দিন।
