জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র্যালি পরবর্তী আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া এবং প্যানেল আহ্বায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন এবং সমবায় কর্মকর্তা আফসানা শাখীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। সভায় বক্তারা শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া চর্চার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।
