গৌরনদীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দেওয়ায় সদস্যদের ওপর হামলা; কার্যালয় ভাঙচুর

বরিশালের গৌরনদীতে নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেওয়াকে কেন্দ্র করে ইউপি সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সাক্ষ্য দিতে আসা সদস্যদের ওপর চেয়ারম্যানের অনুসারীরা এই হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ৪ জন সদস্য আহত হয়েছেন এবং ইউএনও কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিষদের বরাদ্দকৃত টিআর, কাবিখা ও ৪০ দিনের কর্মসূচির অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা এবং ইউপি সদস্যদের বেতন-ভাতা থেকে বঞ্চিত করার অভিযোগে গত ২৮ এপ্রিল ১১ জন সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দেন। ওই অভিযোগের তদন্তে মঙ্গলবার সকালে সদস্যদের শুনানির জন্য ডাকেন ইউএনও রিফাত আরা মৌরী। ভুক্তভোগী সদস্যদের দাবি, শুনানিতে অংশ নিতে আসলে চেয়ারম্যানের পক্ষ নিয়ে স্থানীয় বিএনপি ও যুবদলের কয়েকজন নেতার নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়। এতে ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইসমাইল হোসেন হীরা এবং ৫ নম্বর ওয়ার্ডের মামুন খলিফাসহ চারজন আহত হন। হামলা থেকে বাঁচতে তারা অফিস সহকারী আব্দুর রবের কক্ষে আশ্রয় নিলে সেখানেও ভাঙচুর চালানো হয়।

অভিযোগের বিষয়ে চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা জানান, তিনি পরিষদের কাজে ব্যস্ত ছিলেন এবং হামলার সাথে জড়িত নন। অন্যদিকে, অভিযুক্ত বিএনপি নেতা গাজী আবু বকর হামলার অভিযোগ অস্বীকার করে বলেন তিনি সদস্যদের রক্ষা করতে গিয়েছিলেন। তবে যুবদল নেতা ফুয়াদ হোসেন স্বীকার করেছেন যে, পূর্ব বিরোধের জেরে তিনি সদস্যদের মারধর করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী জানিয়েছেন, হামলার সময় তিনি বাইরে ছিলেন, তবে খবর পেয়ে পুলিশ পাঠান এবং বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অনাস্থা দেওয়া সদস্যদের মধ্যে সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের মোট ১১ জন সদস্য রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *