পিরোজপুরে উপজেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শেখ হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোররাতে অফিসের দোতালায় জানালার কাচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পাশের একটি ভবন থেকে লাঠির সঙ্গে গামছায় পেট্রোল লাগিয়ে ভেতরে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে অফিসের লোকজনের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গামছা পুড়ে মেঝেতে পড়ে থাকে।

মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসের নৈশপ্রহরী মোস্তফা হাওলাদার জানান, তিনি রাত ২টার দিকে ঘুমিয়ে পড়েন এবং আগুনের বিষয়টি প্রথমে টের পাননি। পরে বিষয়টি নজরে আসলে কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসার বাসুদেব সরকার বলেন, “তফসিল ঘোষণার পর থেকে আমাদের কোনো ছুটি নেই। গতকাল রাত ১১টার সময় অফিসের কাজ শেষ করে বাসায় গিয়েছিলাম। সকালে অফিসে এলে এমন পরিস্থিতি দেখি। তবে অফিস এবং নথিপত্রে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করা হয়েছে। হয়ত সেই নির্বাচনকে বানচাল করার জন্য একটি মহল এ রকম ঘটনা ঘটাতে পারে। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাহী অফিসার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেছি। নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।”

মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শেখ হেলাল উদ্দিন জানিয়েছেন, ভবনের পেছনের থাই গ্লাসের জানালা কৌশলে খুলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে আগুনের বিষয়টি টের পাওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি। নির্বাচন অফিস অভিযোগ দিলে তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *