বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নে ঋণের বোঝা সইতে না পেরে রুবেল আকন (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। রবিবার সকালে গৈলা গ্রামের নিজ বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রুবেল ওই গ্রামের সোবাহান আকনের ছেলে।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম জানান, রুবেল দীর্ঘদিন ধরে চরম অভাব-অনটনের মধ্যে ছিলেন এবং বিভিন্ন পাওনাদারের নিকট ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। পাওনাদারদের ক্রমাগত চাপের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশাগ্রস্ত হয়ে রোববার সকালে ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরবর্তীতে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
