বরিশালের গৌরনদীতে জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে পৃথক দুটি সহিংসতার ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার গোবর্দ্ধন গ্রামে এক যুবলীগ নেতার বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র তছনছ ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মানিক সরদারের স্ত্রী জাকিয়া খানম দাবি করেন, প্রতিপক্ষ রঞ্জু সরদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী ঘরের বেড়া ভেঙে ভেতরে ঢুকে নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় এবং পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন করে। তবে অভিযুক্ত রঞ্জু সরদার এই অভিযোগ অস্বীকার করে একে আইনি লড়াইয়ে পরাজিত হয়ে সহানুভূতি পাওয়ার একটি সাজানো নাটক বলে দাবি করেছেন। গৌরনদী মডেল থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, উপজেলার হোসনাবাদ গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। আহত আবু বক্কর রাঢী (৭৫) জানান, বিরোধপূর্ণ জমিতে হাল চাষ করতে গেলে প্রতিবেশী ইউসুব রাঢী ও তার লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে আবু বক্কর ছাড়াও তার স্ত্রী ফুল মালা বেগম এবং দুই পুত্র আরিফ ও বারেক রাঢী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
