উজিরপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা: থানায় মামলা

বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের দক্ষিণ বাহেরঘাট গ্রামে চোর সন্দেহে সুমন হালদার (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। নিহত সুমন পার্শ্ববর্তী বাহেরঘাট গ্রামের নগেন হালদারের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত তিনটার দিকে দক্ষিণ বাহেরঘাট গ্রামের সুলতান মিয়ার রিকশা গ্যারেজের সামনে সুমনকে ঘোরাঘুরি করতে দেখেন নৈশপ্রহরী স্বপন বাড়ৈ। ইতিপূর্বে গ্যারেজ থেকে একাধিকবার রিকশা চুরি হওয়ায় সন্দেহবশত তিনি ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করেন। মুহূর্তের মধ্যে স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে আসে এবং সুমনের ওপর হামলা চালায়। উত্তেজিত জনতার গণপিটুনিতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। নৈশপ্রহরী স্বপন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এবং বিক্ষুব্ধ এলাকাবাসীর পিটুনিতে সুমনের মৃত্যু হয়।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় উজিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *