গৌরনদীতে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামানের অপসারন সহ আট দফা দাবীতে অবরুদ্ধ

বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়ন এবং বিভিন্ন অনিয়ম দূর করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামানের অপসারণসহ আট দফা দাবিতে বিক্ষোভ করেছেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। রোববার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্রশিবির এবং ছাত্র অধিকার পরিষদসহ সাধারণ ছাত্ররা একত্রিত হয়ে হাসপাতালের প্রধান কর্মকর্তার কক্ষে তাকে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। আন্দোলনকারীরা এ সময় হাসপাতালের দালাল চক্র নির্মূল করা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

পরিস্থিতি উত্তপ্ত হওয়ার খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ এবং বিএনপি ও জামায়াতের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ দ্রুত হাসপাতালে উপস্থিত হন। তারা আন্দোলনরত ছাত্রদের সাথে আলোচনা করেন এবং উত্থাপিত দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বাস্তবায়নের আশ্বাস দিলে ছাত্ররা তাদের কর্মসূচি স্থগিত করেন। ঘটনার প্রেক্ষাপটে হাসপাতাল এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়।

গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা জানান, হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রায় সাত মাস আগেই ডাঃ মনিরুজ্জামানের কাছে আটটি সুনির্দিষ্ট দাবি জানানো হয়েছিল। দীর্ঘ সময় পার হলেও সেই দাবিগুলো পূরণে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় ছাত্র সমাজ পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। তবে হাসপাতাল প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে দাবিগুলো মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় বর্তমানে আন্দোলন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *