গৌরনদীতে ইউএনও’র বদলির আদেশ বাতিলের দাবিতে সর্বস্তরের মানুষের মানববন্ধন

বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু আবদুল্লাহ খানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয় বাসিন্দারা। এই আদেশ বাতিলের দাবিতে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে দুই ঘণ্টা ব্যাপী এক বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে ছাত্র-শিক্ষক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা এবং নারী-পুরুষসহ সমাজের সকল স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তব্য রাখা ব্যক্তিরা ইউএনও’র কর্মদক্ষতা ও সততার প্রশংসা করে তাঁর বদলি স্থগিতের জোর দাবি জানান।

বক্তারা বলেন, ২০২৩ সালের আগস্টে যোগদানের পর থেকে এই মেধাবী কর্মকর্তা অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে গত ৫ আগস্টের পরবর্তী পরিস্থিতিতে গৌরনদীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। প্রশাসনিক কাজের বাইরেও পৌরসভা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি নাগরিক সেবার মানকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

স্থানীয়রা আরও জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ন্যায্যমূল্যের বিপণন কেন্দ্র স্থাপন এবং শিক্ষার্থীদের জন্য ডিবেটিং ক্লাব ও বিজ্ঞান ক্লাবের মতো সৃজনশীল উদ্যোগ নিয়ে তিনি সাধারণ মানুষের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। তাঁর প্রচেষ্টায় উপজেলা মডেল পাঠাগারসহ নানা সামাজিক প্রতিষ্ঠান প্রাণ ফিরে পেয়েছে। এমন একজন জনবান্ধব কর্মকর্তাকে এই মুহূর্তে বদলি করা হলে এলাকার চলমান উন্নয়ন ও শান্তি প্রক্রিয়া ব্যাহত হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

বদলির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইউএনও আবু আবদুল্লাহ খান বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে জনগণের সেবাই তাঁর মূল লক্ষ্য। তিনি যেখানেই কাজ করেছেন, নিষ্ঠার সাথেই দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। গৌরনদীবাসীর এই ভালোবাসায় তিনি সিক্ত এবং ভবিষ্যতেও জনগণের সেবক হিসেবে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *