গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের দাবিতে বরিশালের গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় বরিশাল–ঢাকা মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। মানববন্ধন শেষে প্রেসক্লাব কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যার মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা চালানো হয়েছে। তারা অবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সাগর–রুনিসহ অতীতে সংঘটিত সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনার বিচার সম্পন্ন করে অপরাধীদের কঠোর শাস্তির দাবি তোলেন।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তাহীনতা দিন দিন বেড়ে চলেছে। এ অবস্থায় সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং রাষ্ট্রের পক্ষ থেকে সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এসব দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেওয়া হয়।
গৌরনদী প্রেসক্লাব সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার পালসহ প্রেসক্লাবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং সদস্যরা।
সমাবেশ থেকে সাংবাদিক সমাজের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়।
