জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, যুবকদের মধ্যে ঋণ বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বেলা এগারোটার দিকে গৌরনদী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাসের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রাজিব হোসেন, গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক জহুরুল ইসলাম জহির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার পলাশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সেকেন্দার শেখ, জাইকা প্রতিনিধি মেজবাহ উদ্দিন আহমেদ, গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, জেলা যুবদলের সাবেক সভাপতি মোল্লা মাহফুজ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ হাসান মিঠু এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা।
আলোচনা সভায় বক্তারা যুব সমাজকে আত্মনির্ভরশীল ও দক্ষ মানবসম্পদে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে নির্বাচিত যুবকদের মধ্যে যুব ঋণ বিতরণ করা হয় এবং পরিবেশ রক্ষার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে।
