বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুসহ উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলাড়া বাসস্ট্যান্ড এলাকায় মাহিলাড়া ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। একইসঙ্গে বিএনপি নেতা সবুজ সিকদারকে কুপিয়ে জখম করার প্রতিবাদেও সমাবেশ করেন নেতাকর্মীরা।
মাহিলাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল আউয়াল লোকমানের সভাপতিত্বে আয়োজিত এই প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা ছাত্রদলের সভাপতি রুবেল গোমস্তা, মাহিলাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন আকন এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত সরকারের আমলে বিনা ভোটে নির্বাচিত সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত পিকলু গুহসহ উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যানকে অবিলম্বে পদ থেকে অপসারণ ও গ্রেফতার করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিটি ইউনিয়ন পরিষদে তালাবদ্ধ করে দেওয়াসহ লাগাতার আন্দোলনের ঘোষণা দেন তারা। এছাড়া দলের ভেতর থেকে যারা এসব চেয়ারম্যানদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, তাদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রদান করেন নেতৃবৃন্দ।
