বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মঙ্গলবার আম গাছের কলম বিতরণ করা হয়েছে। রোটারি ক্লাবসহ বেশ কয়েকটি সামাজিক ও পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে নাঠৈ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। “বৃক্ষ রোপণ করে পরিবেশ বাঁচান” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে মোট ১ হাজার ৫০০টি উন্নত জাতের আম গাছের চারা বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮-এর চেয়ারম্যান শাহানা আলম নির্ঝর, রোটারি ক্লাব ঢাকার উপদেষ্টা সৈয়দ শাখাওয়াৎ হোসেন এবং জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহিরসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তারা পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করেন এবং সুস্থ আগামীর জন্য সবুজায়নের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিবেশ রক্ষায় গৌরনদীর ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৫০০ আমের চারা বিতরণ
