গৌরনদীতে ওজনে কম হওয়ায় বাছুর বিতরণ বন্ধ করে ফেরত পাঠাল প্রশাসন

বরিশালের গৌরনদী উপজেলায় ওজনে কম এবং রুগ্ন হওয়ার কারণে বিতরণের জন্য আনা ৬৫টি বকনা বাছুর ফেরত পাঠিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকালে গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে। এর ফলে বাছুর নিতে আসা সুবিধাভোগী ৬৫ জন মৎস্যজীবীকে খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মৎস্য অধিদপ্তর এই প্রকল্প বাস্তবায়ন করছে। গৌরনদী উপজেলা মৎস্য অফিস ও উপজেলা প্রশাসনের সহায়তায় মঙ্গলবার এই বাছুরগুলো বিতরণের কথা ছিল। সিমেন্স অ্যালায়েন্স বিডি লিমিটেড নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ধীরেন্দ্র নাথ এই বাছুর সরবরাহের কাজ পান। তার তত্ত্বাবধানে দিনাজপুর থেকে বাছুরগুলো ট্রাকে করে গৌরনদীতে নিয়ে আসা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, বিতরণ কার্যক্রম শুরু করতে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরী দেখতে পান যে, বাছুরগুলো অত্যন্ত রুগ্ন এবং ওজনে অনেক কম। সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি বাছুরের ওজন ৭০ কেজি হওয়ার কথা থাকলেও সরবরাহকৃত বাছুরগুলোর ওজন ছিল মাত্র ৫০ থেকে ৫৫ কেজি। অনিয়ম ও ওজনে কম হওয়ায় ইউএনও তাৎক্ষণিকভাবে বিতরণ বন্ধ করে দেন এবং বাছুরসহ ঠিকাদারকে ফেরত পাঠিয়ে দেন।

এদিকে বাছুর নিতে আসা সুবিধাভোগী মৎস্যজীবীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা সারা দিনের কাজ বন্ধ করে বাছুর নিতে এসেছিলেন, কিন্তু প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে তাদের খালি হাতে ফিরতে হয়েছে। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি দাবি করেন, দিনাজপুর থেকে দীর্ঘ পথ ট্রাকে করে আনার কারণে বাছুরের ওজন কিছুটা কমে গেছে। তবে শেষ পর্যন্ত সব বাছুর ফেরত নিয়ে যেতে হয়েছে তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *