বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় বরিশালের গৌরনদীতে ইউনিয়ন পরিষদ সদস্যদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। প্রকল্পটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ইউএনডিপি এবং ইউরোপীয় ইউনিয়নের কারিগরি ও আর্থিক সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়ন করছে।
প্রশিক্ষণ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
প্রশিক্ষণের প্রথম দিনে কোর্স সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসেন। এ সময় প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রকল্পের জেলা ব্যবস্থাপক কমল ব্যানার্জী এবং উপজেলা সমন্বয়কারী মোঃ দেলোয়ার হোসেন।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণের প্রথম পর্যায়ে উপজেলার খাঞ্জাপুর ও বাটাজোর ইউনিয়ন পরিষদের সদস্যরা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধি, আইনি প্রক্রিয়া এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে জনপ্রতিনিধিদের ভূমিকা ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে।
