গৌরনদীতে শাহরোজ খান হাডুডু টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান

আবহমান বাংলার গ্রামীণ ঐতিহ্য হাডুডু খেলা আজ বিলুপ্তপ্রায়। হারিয়ে যাওয়া এই ঐতিহ্যবাহী খেলাকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে এবং মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে বরিশালের গৌরনদীতে ‘শাহরোজ খান হাডুডু টুর্নামেন্ট’ শুরু হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলার বাটাজোর ইউনিয়নের বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বাহাদুরপুর শাহরোজ খান ঈদগাহ ময়দানে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন এবং গৌরনদী বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন মাহিলাড়া ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ সবুজ শিকদার এবং বাটাজোর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

হাডুডু টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মোহাম্মদ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে কমিটির সদস্য সচিব বক্তব্য প্রদান করেন। উদ্বোধনী খেলায় বাহাদুরপুর একাদশ ও শাহজিরা একাদশ একে অপরের মুখোমুখি হয়। বিপুল সংখ্যক দর্শক উৎসবমুখর পরিবেশে এই ঐতিহ্যবাহী খেলা উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *