গৌরনদীতে বিএনপি’র গণঅবস্থান কর্মসূচি

আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে অবিলম্বে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বরিশালের গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও গণঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সহযোগী সংগঠনের গৌরনদী ও আগৈলঝাড়া শাখার উদ্যোগে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

এদিন বেলা এগারোটার দিকে সরকারি গৌরনদী কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহাসড়ক অবরোধ করে গণঅবস্থান কর্মসূচি শুরু করে।

গণঅবস্থান কর্মসূচির আগে সরকারি গৌরনদী কলেজের শহীদ মিনার চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুর রহমান স্বপন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন।

এছাড়াও আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব বশির আহম্মেদ পান্না, যুগ্ম সচিব সরোয়ার হোসেন এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম সেন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য প্রদান করেন।

সমাবেশে বক্তারা জোর দাবি জানিয়ে বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা হুঁশিয়ারি দেন যে, এই দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *