রাজনৈতিক প্রতিকূলতা কাটিয়ে দীর্ঘ ১৫ বছর পর বরিশালের গৌরনদীতে জনসম্মুখে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেলে স্থানীয় আল-হেলাল ইসলামিয়া দাখিল মাদরাসা মিলনায়তনে উপজেলা জামায়াতের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ বিরতির পর এমন প্রকাশ্য কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা নায়েবে আমির ডক্টর এস এম মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও বরিশাল-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মাহফুজুর রহমান দীর্ঘ সময় পর এমন একটি আয়োজনে সমবেত হতে পারায় মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করেন এবং বৈষম্যহীন সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
উক্ত ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান। প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানে সংহতি প্রকাশ করেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া এবং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান। এছাড়া সভায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
