বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতা এবং এক মহিলা নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, চাঁদশী এলাকার স্থানীয় বিএনপি নেতা বাচ্চু সরদার ও ফিরোজ হাওলাদারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এই গ্রেপ্তার অভিযান চালানো হয়। এই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে টিখাসার এলাকা থেকে গৌরনদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম টিটু, উত্তর বিজয়পুর এলাকা থেকে ৬ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি সোহরাব হোসেন এবং লাখেরাজ কসবা এলাকা থেকে উপজেলা মহিলা লীগের নেত্রী ছবি বেগমকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, ২০২২ সালের ১৪ নভেম্বর গৈলা বাজার এলাকায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলামের ওপর হামলা, মোটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। চলতি বছরের ১২ জানুয়ারি রাতুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে শুক্রবার রাতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদারকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়।
