তারুণ্যের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে উৎসবমুখর পরিবেশে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে গৌরনদী উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গৌরনদী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরে গিয়ে শেষ হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে এক গুরুত্বপুর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে সভায় স্থানীয় সরকারের গুরুত্ব এবং জনসেবা নিশ্চিত করতে প্রশাসনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান এবং গৌরনদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. হারুন আর রশিদ।
সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান, পৌর নির্বাহী প্রকৌশলী আব্দুস সালেক, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন। এছাড়া জনস্বাস্থ্য কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব, মো. নূর আলম সেরনিয়াবাত, মো. ফারুক হোসেন মোল্লা ও আব্দুর রাজ্জাক সভায় অংশ নেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড পৌঁছে দিতে স্থানীয় সরকার ব্যবস্থার কোনো বিকল্প নেই। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন অতিথিরা।
