গৌরনদীতে বীমা কর্মকর্তার বাগানবাড়িতে দফায় দফায় হামলা ও ২০ লক্ষ টাকার সম্পদ লুট

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নে শাহরিয়াত হোসেন ভূইয়া নামে এক বীমা কর্মকর্তার বাড়িতে একের পর এক হামলার ঘটনা ঘটেছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এ পর্যন্ত মোট চারবার ওই বাড়িতে লুটপাট চালায় দুর্বৃত্তরা। হামলায় ভবনের দরজা-জানালা ভেঙে মূল্যবান আসবাবপত্র ও স্বর্ণালঙ্কার লুটের পাশাপাশি পুকুর ও ঘেরের মাছও নিয়ে গেছে সন্ত্রাসীরা। এই ধারাবাহিক সহিংসতার ঘটনায় ভুক্তভোগী শাহরিয়াত হোসেন গত রবিবার গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় বীমা কর্মকর্তা শাহরিয়াত হোসেন এলাকায় একজন সমাজসেবক এবং শৌখিন ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি নিজের গ্রামে দেশি-বিদেশি দুর্লভ প্রজাতির গাছ দিয়ে একটি দৃষ্টিনন্দন বাগানবাড়ি তৈরি করেছিলেন, যা এলাকায় বেশ পরিচিত। গত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় প্রভাবশালী মহলের রোষানল থেকে বাড়িটি রক্ষা করতে তিনি অনেকটা বাধ্য হয়ে তৎকালীন সংসদ সদস্য ও মেয়রের সাথে সখ্যতা বজায় রাখতেন। তবে কোনো সক্রিয় রাজনীতির সাথে তার সম্পৃক্ততা ছিল না বলে দাবি করেছেন তিনি।

ভুক্তভোগী শাহরিয়াত হোসেন অভিযোগ করেন, সরকার পতনের পর থেকে একটি প্রভাবশালী রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা সন্ত্রাসীরা তাকে ক্রমাগত হুমকি দিয়ে আসছিল। গত ৮ আগস্ট প্রথম দফায় হামলা চালিয়ে প্রায় চার লক্ষ টাকার মালামাল লুট করা হয়। এরপর ১৫ আগস্ট বাগানের গাছ ও পুকুরের মাছ লুট করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। গত ১০ সেপ্টেম্বর তার বাড়ির কেয়ারটেকার আজিজ খানকে প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়ার পর বাড়িটি সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়ে। এরপর ২৬ সেপ্টেম্বর এবং সর্বশেষ গত মঙ্গলবার রাতে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ঘরের আলমারি ও ড্রয়ার ভেঙে স্বর্ণালঙ্কারসহ বিপুল পরিমাণ সম্পদ লুট করে। পুকুর ও ঘেরের মাছসহ সব মিলিয়ে প্রায় ২০ লক্ষ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এই কর্মকর্তা।

নিরাপত্তাহীনতার কারণে বর্তমানে সপরিবারে ঢাকা অবস্থান করা শাহরিয়াত হোসেন এই বর্বরোচিত ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস ভূইয়া জানান, সর্বশেষ অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রাথমিক তদন্ত সম্পন্ন করা হয়েছে এবং ঘটনার সত্যতা পাওয়া গেছে। তদন্ত প্রক্রিয়া শেষে খুব দ্রুতই এই ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *