বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন নতুন শিকারপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার গভীর রাতে ঘটা এই ঘটনায় প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে ভুক্তভোগী দোকান মালিক আনোয়ার হোসেন হাওলাদারের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয় বরং পূর্ব বিরোধের জেরে পরিকল্পিত নাশকতা। ভুক্তভোগী পরিবার জানায়, দোকানের জায়গা নিয়ে স্থানীয় প্রতিপক্ষদের সাথে তাদের দীর্ঘদিনের বিরোধ ছিল, যার জেরে দুর্বৃত্তরা গভীর রাতে অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় আকাশ হাওলাদার বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে উজিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের সঠিক সূত্র নিশ্চিত করা না গেলেও পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উজিরপুরে অগ্নিকাণ্ডে দুটি দোকান ভস্মীভূত: নাশকতার অভিযোগে থানায় মামলা
