গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক বাসভবনে রহস্যজনক আগুন

বরিশালের গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অভ্যন্তরে শিক্ষকদের জন্য নির্ধারিত বাসভবনে বুধবার দিবাগত গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রহস্যজনক এই আগুনে ভবনটির বড় একটি অংশ পুড়ে ছাই হয়ে গেছে। গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ওই বাসভবনটিতে কলেজের বাংলা বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো. মাসুদ করিম সপরিবারে বসবাস করতেন। তবে পবিত্র ঈদুল আজহার ছুটি থাকায় বুধবার সকালেই তিনি সপরিবারে গ্রামের বাড়িতে চলে যান। ফলে অগ্নিকাণ্ডের সময় ভবনটি সম্পূর্ণ জনশূন্য ছিল। রাত আনুমানিক পৌনে ২টার দিকে স্থানীয়রা ভবন থেকে আগুনের শিখা বের হতে দেখে ফায়ার সার্ভিসকে সংবাদ দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা রাত সোয়া ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বিপুল হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হলেও ঘরের মালামাল ও আসবাবপত্র রক্ষা করা যায়নি। ঘরে কেউ না থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুনের পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *