শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার রাতে উপজেলার মেদাকুল একতা লোকনাথ সংঘের ব্যবস্থাপনায় একটি লালন উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এই আয়োজনের মূল আকর্ষণ ছিলেন দেশের প্রখ্যাত সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস।
সাংস্কৃতিক সন্ধ্যায় নকুল কুমার বিশ্বাস তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করে উপস্থিত হাজারো ভক্ত ও দর্শকদের মুগ্ধ করেন। অনুষ্ঠানে তার সাথে অন্যান্য শিল্পীরাও সংগীত পরিবেশন করেন। লোকনাথ ব্রহ্মচারীর এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে মেদাকুল এলাকায় ভক্ত-অনুরাগী ও দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে।
পূজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জয় কর্মকার অভিজিৎ জানান, ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে শুরু হওয়া এই উৎসব আগামী ৭ জুন শনিবার দুপুরে মহোৎসব ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হবে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, অনুষ্ঠানটি যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
