গৌরনদীতে বিএনপি নেতার ভিজিএফ চালের শ্লিপ জালিয়াতি, হতদরিদ্ররা সুবিধাবঞ্চিত

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফ (খয়রাতি) চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সজল সরকারের বিরুদ্ধে শ্লিপ জালিয়াতির অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। এই জালিয়াতির ফলে ইউনিয়নের প্রায় দুই শতাধিক প্রকৃত দুঃস্থ ও হতদরিদ্র মানুষ তাদের প্রাপ্য সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাহিলাড়া ইউনিয়নে মোট ১ হাজার ৩৯০ জন দুঃস্থ ব্যক্তির মাঝে বিতরণের জন্য ইউনিয়ন পরিষদ থেকে বৈধ শ্লিপ ইস্যু করা হয়েছিল। গত রবিবার থেকে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। অভিযোগ রয়েছে, মঙ্গলবার বিএনপি নেতা সজল সরকার নিজের স্বাক্ষর করা প্রায় ২০০টি ভুয়া শ্লিপ বিতরণ করেন এবং পরিষদে উপস্থিত থেকে তার দেওয়া ওইসব শ্লিপধারীদের চাল দিতে সংশ্লিষ্ট কর্মচারীদের বাধ্য করেন। এর ফলে পরিষদ থেকে দেওয়া বৈধ শ্লিপধারী প্রকৃত দরিদ্ররা চাল নিতে এসে শূন্য হাতে ফিরে যান।

চাল বঞ্চিত রেহানা বেগম, মাহমুদা বেগম ও শীঘ্রা রানীর মতো অনেকেই অভিযোগ করেন যে, বিএনপি নেতা ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে গরিবের হকের চাল আত্মসাৎ করেছেন। তারা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সৌরভ ভট্টাচার্য কোনো মন্তব্য করতে রাজি হননি।

অভিযুক্ত বিএনপি নেতা সজল সরকার নিজের স্বাক্ষরে শ্লিপ দেওয়ার কথা স্বীকার করে বলেন, সাধারণ মানুষের অনুরোধে তিনি কিছু শ্লিপ দিয়েছিলেন, তবে কাউকে বাধ্য করার বিষয়টি তিনি অস্বীকার করেন। এদিকে, ট্যাগ অফিসার মো. মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *