ভাঙ্গা-পটুয়াখালী মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবিতে গৌরনদীতে মানববন্ধন

‘সড়ক হোক শান্তি যাত্রা’—এই স্লোগানকে সামনে রেখে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত অংশটি অনতিবিলম্বে চার লেনে উন্নীত করার দাবিতে বরিশালের গৌরনদীতে বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়। মহাসড়কের পাশে প্রায় ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে অংশ নেন স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মো. মিজানুর রহমান মুন্সি। সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. জহির সাজ্জাদ হান্নান এবং পৌর বিএনপির সদস্য সচিব মো. ফরিদ হোসেন মিয়া। এ ছাড়া স্থানীয় যুবদল নেতা মো. কাইফি ও মো. শহিদুল ইসলাম এবং রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মো. বি এম বেলালসহ আরও অনেকে তাদের দাবি তুলে ধরেন।

বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে ঢাকা-বরিশাল মহাসড়কটি দক্ষিণাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এটি অপ্রশস্ত হওয়ার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ও যানজট লেগেই থাকে। মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে এই মহাসড়কটি চার লেনে রূপান্তর করা এখন সময়ের দাবি। সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, যদি দ্রুত এই দাবি বাস্তবায়ন করা না হয়, তবে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *