বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা পরিষদের অর্থায়নে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. জহির সাজ্জাদ হান্নান শরিফ, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক মো. গিয়াসউদ্দিন মিয়া, প্যানেল আহ্বায়ক খন্দকার মনিরুজ্জামান মনির এবং জাতীয় মহিলা সংস্থার তথ্য কর্মকর্তা মো. শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এই কর্মসূচির আওতায় গৌরনদী উপজেলার ৩টি শহীদ পরিবার এবং আন্দোলনে আহত ২২ জন—অর্থাৎ মোট ২৫ জনের মাঝে জেলা পরিষদ কর্তৃক বরাদ্দকৃত আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের ত্যাগ চিরস্মরণীয়। সরকারের পক্ষ থেকে এই সহায়তা তাদের প্রতি শ্রদ্ধা ও পাশে দাঁড়ানোর একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। শহীদ পরিবার ও আহতদের সার্বিক কল্যাণে প্রশাসন আগামীতেও সজাগ থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
