গৌরনদী উপজেলার সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এবং পিংলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় পৌর এলাকার ও নলচিড়া ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উপজেলা শিক্ষা অফিসার এম. এ জলিলের সভাপতিত্বে উভয় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির।
আলোচনা সভায় বক্তারা একটি সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া, পিংলাকাঠী হাইস্কুলের প্রধান শিক্ষক গোলাম আজমসহ স্থানীয় শিক্ষাবিদ ও ছাত্র প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর হলো আজকের তরুণ সমাজ, তাই তাদের নৈতিক ও আদর্শিক শিক্ষায় গড়ে তোলা জরুরি। কর্মশালায় শিক্ষার্থীদের ভাবনায় একটি সুন্দর ও ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন ফুটে ওঠে।
