বরিশালের জনগুরুত্বপূর্ণ গৌরনদী উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। বদলিজনিত কারণে শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। এক বছর আট মাস অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করা এই কর্মকর্তার বিদায়বেলায় উপস্থিত সাংবাদিকরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও মো. আবু আবদুল্লাহ খান। দায়িত্ব পালনকালে নিজের অজান্তে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে তিনি সবার কাছে ক্ষমা ও দোয়া প্রার্থনা করেন। অনুষ্ঠানে গৌরনদী প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল আহ্বায়ক জহুরুল ইসলাম জহির, মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, খোকন আহম্মেদ হীরা, মো. হানিফ সরদার এবং কাজী আল-আমিনসহ অন্যান্য সদস্যবৃন্দ। সভার শেষ পর্যায়ে প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উল্লেখ্য, অত্যন্ত দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করায় মো. আবু আবদুল্লাহ খান অল্প সময়েই গৌরনদীবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। তার এই বদলির খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে বিষাদের ছায়া নেমে আসে এবং তার বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিও পালিত হয়। আজ রবিবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানানো হবে এবং নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী তার পদে স্থলাভিষিক্ত হবেন।
