বরিশালের আগৈলঝাড়ায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটুক্তিকারী তমাল বৈদ্যের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইউএনও ফারিহা তানজিনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এই স্মারকলিপি প্রদান করা হয় উপজেলার সর্বস্তরের উলামায়ে কেরাম ও তাওহীদি জনতার পক্ষে।
বুধবার দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগধা কওমী মাদ্রাসার পরিচালক মুফতি মঈনুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহ্বায়ক (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান শিকদার, মুফতি রফিকুল ইসলাম, কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা ফজলুল হক, ইমাম সমিতির সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আসাদুজ্জামান নুর, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি প্রমুখ।
ঘটনার প্রেক্ষাপট অনুযায়ী, উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের তাপস বৈদ্যের ছেলে তমাল বৈদ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটুক্তি করেন। এ ঘটনায় স্থানীয়দের বিক্ষোভের মুখে ১৮ জুন রাতে পুলিশ তমাল বৈদ্যকে গ্রেপ্তার করে। ইউপি সদস্য আনোয়ার হোসেন সরদার বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে তাপস বৈদ্যকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
উলামায়ে কেরাম ও জনতা ইউএনওর মাধ্যমে তমাল বৈদ্যের বিরুদ্ধে দ্রুত এবং সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবি জানিয়েছেন, যাতে ধর্মীয় অনুভূতিতে আঘাতপ্রাপ্ত মুসলিম সম্প্রদায়ের ক্ষোভ মেটানো যায়।
