বরিশালের গৌরনদী উপজেলায় উপজেলা কৃষি উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ২০২৪/২০২৫ অর্থ বছরে খরিপ মৌসুমের প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, কীটনাশক-সার ও চারা বিতরণ উপলক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আক্তার। এছাড়া সহকারী ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সমাবেশে এক হাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ, একশ কৃষকের মাঝে মরিচ বীজ, পাঁচশ কৃষক ও ত্রিশটি প্রতিষ্ঠানে নারিকেল চারা, এক হাজার সুবিধাভোগী কৃষকের মাঝে আম, জাম, বেল, কাঠাল ও নিম চারা বিতরণ করা হয়।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও রিফাত আরা মৌরি বলেন, বর্ষা মৌসুমে বেশি বেশি বৃক্ষরোপণ ও চারা রোপণের মাধ্যমে সবুজ বিপ্লবের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, শুধু চারা লাগানোই যথেষ্ট নয়, তা নিয়মিত পরিচর্যা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও উল্লেখ করেন, নিম গাছ বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে। সকলকে ফলজ, বনজ ও ঔষধি গাছের বনায়নে মনোযোগী হওয়ার আহবান জানান।
