ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯৫২ সালের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক এবং ভাষা আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব কাজী গোলাম মাহবুব ওরফে ছরু কাজীর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষে তাঁর জন্মস্থান বরিশালের গৌরনদী এবং ঢাকার বাসভবনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির জানান, দিবসটি উপলক্ষে গৌরনদীর ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ ছাড়া মরহুমের নিজ গ্রাম লাখেরাজ কসবায় পারিবারিক উদ্যোগে দিনভর কোরআনখানি, আলোচনা সভা এবং স্থানীয় জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি জাতীয় ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদ এবং ঢাকার ধানমন্ডিস্থ ভাষা আন্দোলন জাদুঘর ও গবেষণা কেন্দ্রে পৃথকভাবে স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

কাজী গোলাম মাহবুব ১৯২৭ সালের ২৩ ডিসেম্বর বরিশালের গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কাজী আব্দুল মাজেদের জ্যেষ্ঠ পুত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তিনি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সক্রিয় আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯৪৮ সালের ১১ মার্চ হরতাল চলাকালীন পিকেটিং করতে গিয়ে তিনি গ্রেফতার হন এবং কারাবরণ করেন।

১৯৫২ সালের ২৭ জানুয়ারি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন পল্টনের জনসভায় উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দিলে আন্দোলন নতুন রূপ নেয়। এরপর ভাষা আন্দোলনকে সুসংগঠিত করার লক্ষ্যে গঠিত সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়কের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন কাজী গোলাম মাহবুব। তাঁরই নেতৃত্বে একুশে ফেব্রুয়ারির ঐতিহাসিক আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে। ২০০৬ সালের ১৯ মার্চ ঢাকার একটি হাসপাতালে এই মহান ভাষা সৈনিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *