গৌরনদীতে বীমা কর্মকর্তার বাড়িতে দফায় দফায় হামলা ও লুটপাট: ২০ লাখ টাকার ক্ষতি

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নে এক বীমা কর্মকর্তার বাড়িতে গত মঙ্গলবার দিবাগত রাতে পুনরায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে এ পর্যন্ত চারবার ওই বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তরা ঘরের আসবাবপত্র ভেঙে মূল্যবান মালামাল লুট করার পাশাপাশি পুকুর ও ঘেরের মাছও নিয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী কর্মকর্তা রবিবার গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নলচিড়া গ্রামের বাসিন্দা মো. শাহরিয়াত হোসেন ভূঁইয়া একজন পেশাজীবী ও সমাজসেবক। শৌখিন এই কর্মকর্তা নিজ এলাকায় একটি দর্শনীয় বাগানবাড়ি তৈরি করেছিলেন, যা দেশি-বিদেশি বিভিন্ন গাছপালার জন্য বেশ পরিচিত। তিনি কর্মসূত্রে ঢাকায় অবস্থান করলেও মাঝে মাঝে বাড়িতে আসতেন। বিগত সরকারের আমলে স্থানীয় প্রভাবশালী নেতাদের চাপের মুখে পড়ে বাড়িটি রক্ষার স্বার্থে তিনি তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে বাধ্য হয়েছিলেন বলে জানা গেছে।

ভুক্তভোগী শাহরিয়াত হোসেন ভূঁইয়া অভিযোগ করেন, গত মঙ্গলবার রাতে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা বিশেষ কৌশলে বাড়িতে ঢুকে আলমারি ও ড্রয়ার ভেঙে স্বর্ণালংকারসহ দামি মালামাল লুট করে নিয়ে যায়। তিনি জানান, ৫ আগস্টের পর থেকে একটি প্রভাবশালী মহলের হুমকির কারণে তিনি প্রাণভয়ে বাড়িতে আসতে পারছেন না। এর আগে ৮ আগস্ট প্রথম দফায় হামলা চালিয়ে প্রায় চার লাখ টাকার মালামাল লুট করা হয়। এরপর ১৫ আগস্ট এবং ২৬ সেপ্টেম্বর আরও দুই দফা হামলা চালিয়ে গাছ কাটা, আসবাবপত্র চুরি এবং পুকুরের মাছ লুট করা হয়। এমনকি তাঁর বাড়ির কেয়ারটেকারকেও প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি ছাড়া করেছে দুর্বৃত্তরা।

তিনি আরও দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সক্রিয়ভাবে জড়িত নন। অথচ গত কয়েক মাসে দফায় দফায় হামলা চালিয়ে তাঁর বাড়িটি বর্তমানে পরিত্যক্ত ও অরক্ষিত অবস্থায় ফেলে রাখা হয়েছে। ঘের ও পুকুরের মাছসহ তাঁর প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন এবং প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস ভূঁইয়া জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *