শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে বরিশালের গৌরনদীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিবস দুটি পালনে গৃহীত কর্মসূচি, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। সভায় তিনি বলেন, জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ এই দিবসগুলো নতুন প্রজন্মের মাঝে সঠিকভাবে তুলে ধরতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহতা জারাব সালেহীন, গৌরনদী হাইওয়ে থানার নবনিযুক্ত ওসি শামীম শেখ, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম।
এছাড়াও সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির ও বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও প্রেসক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, টরকী বণিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান ও সম্পাদক বদিউজ্জামান চঞ্চল, পৌর জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ ও মহান বিজয় দিবস উদ্যাপনকে ঘিরে আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
