শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে শনিবার সকালে সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকাল এগারোটার দিকে গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল রায় দুলুর সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির, গৌরনদী গার্লস স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল হালদার এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি শান্তনু ঘোষ।
এছাড়াও বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক গণেশ চন্দ্র দাস এবং উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজা রাম সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরির নেতৃত্বে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ঢাক, কাঁসর, শঙ্খধ্বনি ও ধর্মীয় স্লোগানে পুরো এলাকা উৎসবের রঙে রাঙিয়ে ওঠে। জন্মাষ্টমী উপলক্ষে এই আয়োজন সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করেছে।
