ঐতিহাসিক জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার খানজাপুর ইউনিয়নের তুলাতুলা বাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই আয়োজনে আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সম্মাননা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। হাজারো মানুষের অংশগ্রহণে গভীর রাত পর্যন্ত এলাকা ছিল উৎসবমুখর।
অনুষ্ঠানের উদ্যোগ নেন কৃষিবিদ ফেরদৌস হাওলাদার। আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করেন জাতীয়তাবাদী প্রবাসী সমাজ কল্যাণ ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ দেশ-বিদেশে অবস্থানরত অসংখ্য নেতাকর্মী। অনুষ্ঠান সঞ্চালনা করেন খানজাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এমদাদ সিকদার ও ইউনিয়ন যুবদল নেতা লিটন হাওলাদার।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, যোদ্ধাদের আত্মত্যাগ ও তরুণদের মেধার সমন্বয়েই একটি ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট শাহানুর খানম, খানজাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল হক সরদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মজিবুর রহমান ফকিরসহ স্থানীয় ও জেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সামাজিক ব্যক্তিত্ব ও বিপুল সংখ্যক তরুণ।
এ সময় কমলাপুর এলাকার সরকারি গেজেটভুক্ত দুইজন জুলাই যোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি স্কুল ও মাদ্রাসার কয়েকজন কৃতী শিক্ষার্থীর হাতে বৃত্তি তুলে দেওয়া হয়। সমাপনী পর্বে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন কর্মসূচির সমাপ্তি ঘটে।
