ছাত্রদল নেতার বিরুদ্ধে যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ: গৌরনদীতে উত্তেজনা

বরিশালের গৌরনদী উপজেলায় অর্থের বিনিময়ে এক ছাত্রলীগ নেতাকে এলাকায় ফিরিয়ে আনার প্রতিবাদ করায় মো. হীরা সরদার নামে এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিমের বিরুদ্ধে। আহত হীরা সরদার বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিবরণে জানা যায়, সাবেক সরকারের আমলে ৯নং ওয়ার্ডের কাসেমাবাদ এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ছাত্রলীগ নেতা রনি বেপারী ৫ আগস্টের পর এলাকা ছেড়ে পালিয়েছিলেন। অভিযোগ উঠেছে, ছাত্রদল নেতা আব্দুর রহিম ২০ হাজার টাকার বিনিময়ে তাকে এলাকায় ফিরিয়ে আনেন, যা নিয়ে গত শনিবার রাতে বিরোধের সৃষ্টি হয়। হীরা সরদার এই ঘটনার প্রতিবাদ করলে আব্দুর রহিম ও তার সহযোগীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। তবে অভিযুক্ত ছাত্রদল নেতা টাকা নেওয়া ও হামলার বিষয়টি অস্বীকার করেছেন। গৌরনদী মডেল থানা পুলিশ জানিয়েছে, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *