বরিশালের গৌরনদী উপজেলায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ছাত্রসমাজ। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অধ্যক্ষ হুমায়ুন কবিরের বিরুদ্ধে ২২ দফা অভিযোগ এনে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ ও সমাবেশ করেন। সিয়াম মোল্লা, জুবায়ের জীমসহ আন্দোলনকারী শিক্ষার্থীরা অবিলম্বে অধ্যক্ষের পদত্যাগ দাবি করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। তবে অধ্যক্ষ হুমায়ুন কবির তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন।
অন্যদিকে, বাকাই নিরাঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল চন্দ্র দাসের বিরুদ্ধেও অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে প্লাকার্ড হাতে বিক্ষোভ শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। স্থানীয়দের অভিযোগ, বিগত সরকারের নেতাদের সাথে আঁতাত করে তিনি স্কুলে বিভিন্ন নিয়োগ ও উন্নয়ন কাজে দুর্নীতি করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। অভিযুক্ত প্রধান শিক্ষক অখিল চন্দ্র দাসও নিজেকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন। উভয় প্রতিষ্ঠানেই শিক্ষার্থীরা তাদের এক দফা দাবিতে অটল রয়েছেন।
