নুরের আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি নেতা হাসান মামুন

পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। এই আসনে ইতিমধ্যে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

সোমবার দুপুর ১টার দিকে গলাচিপা উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে উপজেলা বিএনপির নেতাকর্মীরা হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এর আগে নুরুল হক নুর তার দলীয় প্রতীক ‘ট্রাক’ নিয়ে পটুয়াখালী-৩ আসনে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। এ অবস্থায় বিএনপি ও গণঅধিকার পরিষদের মধ্যে সমঝোতার ঘোষণার পরদিনই বিএনপির কেন্দ্রীয় নেতার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি করেছে। যদিও বিএনপি আনুষ্ঠানিকভাবে এই আসনে এখন পর্যন্ত কাউকে দলীয় মনোনয়ন দেয়নি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাসান মামুনের পক্ষে স্থানীয় উপজেলা বিএনপির নেতাকর্মীরা সক্রিয় রয়েছেন।

উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বলেন, “নুর বলেছেন, দু-একটি আসনের জন্য তারা কখনো সমঝোতায় যাবেন না। তিনি নির্বাচন করুন বা না করুন, আমরা এই আসনে হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছি এবং নির্বাচন করবো।”

গলাচিপা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান জানান, “স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। নির্বাচনী সব নির্দেশিকা ও বিধি সমূহ সম্পর্কে তাদের অবহিত করা হয়েছে। সব প্রার্থীর ক্ষেত্রে নির্বাচন কমিশনের বিধি সমভাবে প্রয়োগ করা হবে।”

উল্লেখ্য, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি ও গণঅধিকার পরিষদের মধ্যে দুটি আসনে সমঝোতায় পৌঁছেছে। বৈঠক সূত্রে জানা গেছে, পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর এবং ঝিনাইদহ-২ আসনে দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনি বিধি অনুযায়ী তারা নিজ নিজ দলের প্রতীক ‘ট্রাক’ নিয়ে নির্বাচনে অংশ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *