গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত: অধিকার ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ

শনিবার দুপুরে বরিশালের গৌরনদীতে “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন”—এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ পালিত হয়েছে। গৌরনদী উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিনী অ্যাডভোকেট ফাতিমা আক্তার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া একটি আধুনিক ও উন্নত রাষ্ট্র গঠন সম্ভব নয়। পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে নারীদের সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির। তিনি নারীদের সুরক্ষায় এবং অধিকার আদায়ের লড়াইয়ে গণমাধ্যমের ভূমিকার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

উপস্থিত বক্তারা নারী ও কন্যা শিশুদের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, নারীর অগ্রযাত্রা এখন বিশ্বজুড়ে দৃশ্যমান। তবে সমতা ও পূর্ণ অধিকার নিশ্চিত করতে এখনো অনেক পথ বাকি। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা বেগম, জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সুপারভাইজার নারায়ণ চন্দ্র। এছাড়া সাংবাদিক আব্দুছ ছালেক মামুন ও সোলায়মান তুহিনসহ স্থানীয় সচেতন নারী প্রতিনিধি ও সুধী সমাজের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *