বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান বলেছেন, “যে সমাজে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে না, তাকে গণতান্ত্রিক সমাজ বলা যায় না। গণমাধ্যমকর্মীরা সমাজের সব স্তরের মানুষের খোঁজখবর রাখলেও তাদের খবর নেওয়ার মতো মানুষ খুব কম। রাজনৈতিক নেতাকর্মীদের উচিত সাংবাদিকদের পাশে দাঁড়ানো, কারণ গণমাধ্যমের স্বাধীনতা ও শক্তিশালী ভূমিকা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অপরিহার্য।”
শনিবার বিকেলে বরিশালের গৌরনদীতে কর্মরত সকল সাংবাদিকদের সম্মানে ইঞ্জিনিয়ার আবদুস সোবাহানের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। স্থানীয় একটি চাইনিজ রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানে গৌরনদী ও পার্শ্ববর্তী এলাকার শতাধিক সংবাদকর্মী এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির এবং আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি ডা. মাহবুবুর রহমান।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান, গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহে আলম ফকির এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মালেক আকন। এছাড়া সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মনিরুজ্জামান স্বপন, উপজেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন হাওলাদার এবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি এস এম হীরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌরনদী প্রেসক্লাবের সদস্য বি এম বেলাল। অনুষ্ঠানের শেষ অংশে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
