বরিশালে সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ইসলামপন্থিরা ক্ষমতায় এলে দেশ থেকে চাঁদাবাজি, অবিচার, খুনাখুনি নির্মূল হবে এবং দেশের অর্থ বিদেশে পাচার বন্ধ হবে।
মঙ্গলবার দুপুরে বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে পাঁচ দফা দাবিতে আন্দোলনরত ইসলামী সমমনা আট দলের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। আটদলের শীর্ষ নেতা ও স্থানীয় অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
মুফতি রেজাউল করীম বলেন, আপনারা অনেক ধরনের শাসন প্রত্যক্ষ করেছেন, এবার ইসলামকে সুযোগ দিন। আমরা একটি সুখী ও সমৃদ্ধশালী ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করবো।
তিনি অসুস্থ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং জামায়াত নেতা আব্দুল্লাহ মুহাম্মাদ তাহেরের সুস্থতা কামনা করেন।
রেজাউল করীম আরও বলেন, দেশ নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র প্রতিরোধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ক্ষমতায় গিয়ে যারা দেশের অর্থ বিদেশে পাচার করেছেন, তাদের আর এই দেশে সুযোগ দেওয়া হবে না।
তিনি বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও স্টেশন দখলের সঙ্গে যারা জড়িত, তাদের পায়ের নিচের মাটি সরে গেছে। এখনো পরিবর্তন না হলে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম শায়খে চরমোনাই, সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক আবুল খায়ের, জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসির আজাদসহ আরও বহু নেতা।
