বরিশাল–৩ আসন (বাবুগঞ্জ–মুলাদী) এলাকায় গিয়ে ছাত্রদলের তোপের মুখে পড়েছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এসময় তাকে ঘিরে ‘ভূয়া ভূয়া’ স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার দুপুরে রহমতপুর–বাবুগঞ্জ–মুলাদী–হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত হন ফুয়াদ। তাঁর উপস্থিতির পরপরই ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ঘিরে স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ফুয়াদ দ্রুত গাড়িতে ওঠে এলাকা ত্যাগ করেন। পরে ছাত্রদল তাকে বাবুগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে।
বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল–আমিন বলেন, সেতু উদ্বোধনী অনুষ্ঠানে এসে ফুয়াদ বাবুগঞ্জের সাধারণ জনগণকে চাঁদাবাজ বলে আক্রমণ করেছেন এবং চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে চাঁদা চাওয়ার অভিযোগ তুলেছেন। এসব বক্তব্য অত্যন্ত অশোভন এবং ভিত্তিহীন। এ কারণে আমরা প্রতিবাদ জানিয়েছি।
ঘটনার পর ফুয়াদের বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এহতেশামুল ইসলাম বলেন, অনুষ্ঠানের পর এ ঘটনা ঘটে। তবে কোনো ধরনের হাতাহাতি বা সংঘর্ষ ঘটেনি। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল এবং কেউ অভিযোগ দায়ের করেনি।
