গৌরনদীতে নির্বাচনী বিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম

বরিশালের গৌরনদীতে উপজেলা নির্বাচনের জেরে রাকিব সরদার (২৫) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত রাকিব উপজেলার পশ্চিম বেজহার গ্রামের শাহিন সরদারের ছেলে। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতের পিতা শাহিন সরদারের অভিযোগ, সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনে তারা বিজয়ী চেয়ারম্যান প্রার্থী মো. মনির হোসেন মিয়ার পক্ষে কাজ করেছিলেন। এতে পরাজিত প্রার্থী হারিছুর রহমানের সমর্থকরা তাদের ওপর ক্ষুব্ধ ছিল। সোমবার বিকেলে রাকিব মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে কাসেমাবাদ হাই-মার্কেট এলাকায় পরাজিত প্রার্থীর সমর্থক ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাবিনা খন্দকারের ছেলে জয় খন্দকার এবং তার সহযোগী বিপ্লব খন্দকারসহ একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে অতর্কিত হামলা চালায়।

অভিযুক্ত জয় খন্দকারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *