গৌরনদী ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে সর্বস্তরের মানুষের বিক্ষোভ ও মানববন্ধন

বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু আবদুল্লাহ খানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয় বাসিন্দারা। এই আদেশ বাতিলের দাবিতে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে দুই ঘণ্টাব্যাপী বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। স্বতঃস্ফূর্ত এই কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, গৃহিণী ও সংবাদকর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. শাহ্ আলম ফকির, শিক্ষক কাজী আসাদুজ্জামান, মাওলানা আনোয়ার হোসেন, মাদরাসা প্রধান মো. ফিরোজ আহমেদ এবং কসবা আবাসন প্রকল্পের বাসিন্দা কাকলী খানমসহ আরও অনেকে। বক্তারা বলেন, ২০২৩ সালের আগস্টে যোগদানের পর থেকে আবু আবদুল্লাহ খান অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে ৫ আগস্টের পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতিতে গৌরনদীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তার বলিষ্ঠ ভূমিকা সর্বজনস্বীকৃত। প্রশাসন, পৌরসভা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালনে ব্যস্ততা বাড়লেও নাগরিক সেবার মান তিনি আগের চেয়ে অনেক উন্নত করেছেন।

বিক্ষোভকারীরা আরও উল্লেখ করেন যে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ন্যায্যমূল্যের বিপণন কেন্দ্র স্থাপন, কৃষি কর্নার চালু এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রতিটি বিদ্যালয়ে ডিবেটিং ও সায়েন্স ক্লাব গঠনের মতো প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন এই কর্মকর্তা। তার অধীনেই গৌরনদী ক্লাব অ্যান্ড সোসাইটি ও উপজেলা মডেল পাঠাগার পুনরুজ্জীবিত হয়েছে। এমন একজন জনবান্ধব ও দক্ষ কর্মকর্তার আকস্মিক বদলি উপজেলার চলমান উন্নয়ন ও শান্তিশৃঙ্খলাকে বাধাগ্রস্ত করবে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করছেন।

বদলির বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ইউএনও আবু আবদুল্লাহ খান জানান, তিনি নিজেকে সবসময় জনগণের সেবক মনে করেন। যেখানেই দায়িত্ব পালন করেছেন, সেখানেই সাধারণ মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছেন। গৌরনদীবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, সবার সহযোগিতায় এই উপজেলাকে একটি আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন তিনি। সরকারি চাকরি বিধিমালার বাইরেও জনগণের এই ভালোবাসা তাকে আগামী দিনে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *