গৌরনদী উপজেলার সামাজিক সংগঠন ‘মানুষ মানুষের জন্য’-এর উদ্যোগে যুব ও স্বেচ্ছাসেবকদের মিলনমেলা এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৫ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মো. জহুরুল ইসলাম জহির।
কাজী মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংগঠনের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. শামীম সরদার, সাধারণ পরিষদের সভাপতি কাজী আছাদুর রহমান, সহ-সভাপতি সবুজ ফরিয়া এবং সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম লিমনসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা ভবিষ্যতে সংগঠনের মানবিক ও সামাজিক কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটিকে আনন্দময় করে তুলতে বিভিন্ন ধরণের ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে সংগঠনের কাজে বিশেষ অবদানের জন্য সেরা সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া লটারির মাধ্যমে ১০ জন ভাগ্যবান বিজয়ীকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা সকল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
