বরিশালের গৌরনদীতে প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ও বর্তমান শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ৮৮ ব্যাচের শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে সাবেক ছাত্ররা শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। ৩৭ বছর পরও সাবেক শিক্ষার্থীদের ভালোবাসা পেয়ে শিক্ষকরা আবেগাপ্লুত হন।
পুনর্মিলনী উদ্যাপন কমিটির আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বৈদ্য নারায়ণ পাল, ত্রৈলক্য নাগ, গৌরাঙ্গ দত্ত, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিএম ইদ্রিস আলী, অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক মোঃ শাহ আলম, বিজয় কৃষ্ণ ভক্ত এবং মোসাম্মৎ হাসনে জাহান।
বিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাবেক শিক্ষার্থী খায়রুল আহসান লাভলু, মনিরুজ্জামান খোকন, ফকরুল আলম মিয়া, আবু ওমর তালুকদার লিটন এবং সুরেশ দাস।
দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয় স্কুল প্রাঙ্গন থেকে র্যালি বের করার মাধ্যমে। র্যালি শেষে ৮৮ ব্যাচের শিক্ষার্থীরা বিদ্যালয়ে কাটানো দিনগুলোর স্মৃতিচারণ করেন এবং দীর্ঘদিন পরে সহপাঠীদের সঙ্গে পুনর্মিলিত হয়ে আনন্দ ও উচ্ছ্বাস ভাগাভাগি করেন। বিকেলে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান সমাপ্ত হয়।
