ভারতের স্বার্থ রক্ষাকারীদের নিরাপদ থাকতে দেওয়া যাবে না: মাহফুজ আলম

এদেশে যারা ভারতের স্বার্থ রক্ষা করবে, তাদের নিরাপদ থাকতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, আমরা যদি নিরাপদ না থাকি, তাহলে এদেশে আমাদের শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না।

সোমবার বিকেলে রাজধানীতে ইনকিলাব মঞ্চের আহ্বানে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে এসব কথা বলেন তিনি।

মাহফুজ আলম বলেন, ভারতের আধিপত্য বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশে পরিকল্পিতভাবে সাংস্কৃতিক অঙ্গন, বুদ্ধিজীবী মহল ও আইন অঙ্গনের একটি অংশকে কব্জা করা হয়েছে। এদের একটি অংশ নিজেদের স্বার্থে দেশবিরোধী ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, একটি অংশ নিজেদের বিবেক ও চিন্তা বিক্রি করে দিয়েছে, আরেকটি অংশ সচেতনভাবে বাংলাদেশে অবস্থান করেও দেশের বিরুদ্ধে অপতৎপরতায় লিপ্ত রয়েছে।

এইসব ব্যক্তিকে ভিনদেশি ‘এসেট’ আখ্যা দিয়ে মাহফুজ আলম বলেন, এই ভিনদেশি এসেটদের বিরুদ্ধে লড়াইয়ে দাঁড়িয়েছিলেন ওসমান হাদি। তিনি বাংলাদেশের সম্পদ হলেও বিদেশি স্বার্থরক্ষাকারীরা তাকে হত্যার জন্য নানা যুক্তি দাঁড় করিয়েছে।

ওসমান হাদির ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, যখন তাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়, তখন তথাকথিত বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই নীরব ভূমিকা পালন করেছে। কেউ কথা বলেনি, কেউ প্রতিবাদ করেনি। এই নীরবতাকেও তিনি একটি গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেন।

মাহফুজ আলম বলেন, পাঁচ আগস্টের পর যখন মুজিববাদী আওয়ামী লীগ সন্ত্রাসীদের বাড়িঘর ভাঙচুরের ক্ষমতা ছিল, তখনও আমরা সংযম দেখিয়েছি। যদি ক্ষমা করে ভুল করে থাকি, তবে আর ক্ষমা করা হবে না।

তিনি বলেন, পরিস্থিতি এখন অত্যন্ত সংকটময়। আমাদের গায়ে হাত দেওয়া যাবে না। যদি একটি লাশ পড়ে, তাহলে আমরা লাশ নেব। অত সুশীলতা করে কোনো লাভ নেই। অনেক ধৈর্য ধরা হয়েছে, অনেক সমঝোতার কথা বলা হয়েছে, এবার আর নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *